বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে ভারতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা বাংলাদেশ কংগ্রেসের প্রতিবাদ।
বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে ভারত কর্তৃক ক্ষেপণাস্ত্র পরীক্ষার অভিযোগে তীব্র উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বলেন, ৮ মে রাতে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে ভারত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে বিভিন্ন মাধ্যমে যে তথ্য প্রকাশিত হয়েছে, তা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগজনক।
বিবৃতিতে বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, কোনো স্বাধীন দেশের অনুমতি ছাড়া তার আকাশসীমা ব্যবহার আন্তর্জাতিক আইন, কূটনৈতিক শিষ্টাচার ও রাষ্ট্রীয় মর্যাদার পরিপন্থী। বিষয়টি সরকারকে গুরুত্বের সঙ্গে তদন্ত করে জনগণের সামনে প্রকৃত তথ্য তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।
এ্যাডঃ ইয়ারুল ইসলাম বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে ব্যবহার করে আঞ্চলিক শক্তির প্রতিযোগিতা বা সামরিক কর্মকাণ্ড পরিচালনার যেকোনো প্রচেষ্টা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। তাই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে কূটনৈতিকভাবে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
বিবৃতিতে বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অবিলম্বে এ ঘটনার আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সরকারকে আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।