সরকারি নির্দেশ কেবল নথিতে; দাগনভূঞায় কোচিং সিন্ডিকেটের কাছে জিম্মি প্রশাসন
ফরহাদ আহমেদ
বিশেষ প্রতিনিধি:দাগনভূঞা উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে চলছে কোচিং বাণিজ্য। এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র ফাঁস রোধে দেশজুড়ে কোচিং সেন্টার বন্ধের কড়া নির্দেশনা থাকলেও এখানে তা মানা হচ্ছে না। বাইরে থেকে সাধারণ ভবন বা বাসা মনে হলেও ভেতরে চলছে নিয়মিত পাঠদান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর অভিযান বা শাস্তি দৃশ্যমান না হওয়ায় স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
সরেজমিনে উপজেলার মনু মোল্লা সড়ক, গজারিয়া সড়ক ও সরকারি হাসপাতাল রোড এলাকায় গিয়ে দেখা যায়, অধিকাংশ কোচিং সেন্টার কোনো সাইনবোর্ড ছাড়াই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রশাসনের নজর এড়াতে আবাসিক এলাকা ও বাসাবাড়ির ভেতরে ‘লুকোচুরি’ করে ক্লাস নিচ্ছে। সরকারি নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু দাগনভূঞায় এর কোনো প্রতিফলন নেই।
এই বিষয়ে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীদুল ইসলাম-এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। স্থানীয়দের মতে, প্রশাসনের এই নীরবতা কোচিং মালিকদের আরও উৎসাহিত করছে। অভিভাবক ও শিক্ষাবিদদের দাবি, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কেবল মৌখিক আশ্বাস নয়, বরং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব কেন্দ্র সিলগালা করে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা হোক।