মাধবপুরে র্যাবের অভিযানে ২৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
হবিগঞ্জের মাধবপুরে র্যাব-৯ এর অভিযানে ২৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৬ মে) রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে একটি ট্রাকযোগে বিপুল পরিমাণ মাদক ঢাকার দিকে পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়।
এ সময় একটি লাল-নীল রঙের ট্রাককে থামার সংকেত দিলে ট্রাক থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে র্যাব সদস্যরা তাদের আটক করেন। আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে একটি সিমেন্টের বস্তার ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ট্রাকটিও জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— করিম (৪০), পিতা: মৃত শুক্ররা মোল্লা, গ্রাম: নুরুল্যাগঞ্জ এবং মো. মেহেদী হাসান (৩২), পিতা: মৃত জহুরুল হক, গ্রাম: বাকভান্ডার। তারা উভয়েই কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করছিল বলে স্বীকার করেছেন।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে জব্দকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।