দাগনভূঞার ঐতিহ্যবাহী ইছহাকীয়া এতিমখানা মাদ্রাসায় অস্থিরতা: বই বঞ্চিত শিক্ষার্থীরা, জালিয়াতির নেপথ্যে অধ্যক্ষ!
১৯৩৬ সালে প্রতিষ্ঠিত ফেনীর দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী ‘ইছহাকীয়া এতিমখানা মাদ্রাসা’ এখন অনিয়ম আর অব্যবস্থাপনার কবলে। প্রায় ৯০ বছরের প্রাচীন এই প্রতিষ্ঠানটির কয়েকশ কোমলমতি শিক্ষার্থী বছরের চার মাস পার হলেও সরকারি বই হাতে পায়নি। অভিযোগের আঙুল উঠেছে মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ মোজাম্মেল হকের দিকে। এই বিষয়ে প্রতিকার চেয়ে ফেনী জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।
অনুসন্ধানে জানা যায়, মাদ্রাসার প্রাথমিক শাখার ১ম শ্রেণীতে ৪২ জন, ২য় শ্রেণীতে ৫০ জন এবং ৩য় শ্রেণীতে ৪০ জন শিক্ষার্থী এখনো বই পায়নি। সংশ্লিষ্টদের অভিযোগ, অধ্যক্ষ মোজাম্মেল হক মাদ্রাসায় একটি বাণিজ্যিক ‘নূরানী শাখা’ খুলে সেখানে সরকারি বই সরবরাহ করলেও সাধারণ শাখার শিক্ষার্থীদের বঞ্চিত রেখেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে বইয়ের কোনো সংকট নেই বলে জানানো হলেও অধ্যক্ষের গাফিলতির কারণে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে।
অধ্যক্ষ মোজাম্মেল হকের বিরুদ্ধে রয়েছে পাহাড়সম অভিযোগ। তিনি একই প্রতিষ্ঠান থেকে দুই পদে আসীন হয়ে দ্বৈত বেতন গ্রহণ করছেন বলে জানা গেছে। এছাড়াও সভার রেজুলেশনে আইসিটি শিক্ষিকা মাজেদা খাতুনের স্বাক্ষর নকল করার প্রমাণ মিলেছে উপজেলা প্রশাসনের তদন্তে। তদন্ত প্রতিবেদনে অপরাধ প্রমাণিত হলেও অজ্ঞাত কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এমনকি শিক্ষকদের পাওনা ভাতাদি নিয়মবহির্ভূতভাবে কর্তন এবং প্রতিষ্ঠান প্রধান হয়েও টানা অনুপস্থিত থাকার মতো গুরুতর অভিযোগও প্রতিবেদনে উঠে এসেছে।গত ৫ই এপ্রিল ২টি সংবাদপত্রে ঐ অধ্যক্ষের বিরুদ্ধে ৫শ্রেনীর এক ছাত্রের উপর নির্যাতনের সংবাদ প্রকাশিত হয়।
অতীতে মহকুমা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মতো বিশিষ্ট ব্যক্তিরা এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এমন একটি প্রাচীন ও গৌরবময় প্রতিষ্ঠান একজন ব্যক্তির অনিয়মের কারণে ধ্বংসের মুখে পড়ায় এলাকাবাসী ক্ষুব্ধ। তারা জানান, অধ্যক্ষের দুর্নীতির বিষয়ে একাধিক সংবাদ প্রকাশিত হলেও তিনি কারো তোয়াক্কা করছেন না।এই বিষয় একাধিকবার মোবাইলে কল করা হলেও অধ্যক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
এই পরিস্থিতিতে প্রতিষ্ঠানের ঐতিহ্য রক্ষা এবং কোমলমতি শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে জেলা প্রশাসকের সরাসরি হস্তক্ষেপই এখন একমাত্র ভরসা।