মাধবপুরে ছেলের নির্যাতনের শিকার বৃদ্ধা মা ঘরছাড়া, অভিযোগের নেই অগ্রগতি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলাবই গ্রামে এক বৃদ্ধা মায়ের ওপর তারই ছেলের দীর্ঘদিনের নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়নের আলাবই গ্রামের বাসিন্দা মোছাঃ জাহেদা খাতুন (৬৫) তার ছেলে মোঃ রহমত আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ছেলে প্রায় সাত বছর ধরে নেশাগ্রস্ত অবস্থায় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ৩১ মার্চ ২০২৬ তারিখ দুপুর আনুমানিক আড়াইটার দিকে পারিবারিক তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে রহমত আলী তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে আমগাছের ডাল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে আহত করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
ভুক্তভোগী জাহেদা খাতুন অভিযোগ করেন, তার ছেলে প্রায়ই তাকে হত্যার হুমকি দিয়ে থাকে এবং তার ভরণপোষণের দায়িত্বও পালন করে না। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বিচারের উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্ত রহমত আলী তা উপেক্ষা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। অভিযোগে উল্লেখিত সাক্ষীরা ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারবেন বলেও দাবি করা হয়েছে।
ভুক্তভোগী বৃদ্ধা মা গত ১১ এপ্রিল মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ দায়েরের পরও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অভিযোগের কপি না দেখে এ বিষয়ে কিছু বলতে পারছি না।”
ভুক্তভোগী জাহেদা খাতুন তার নিরাপত্তা নিশ্চিত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।