শ্রীমঙ্গলে হাইল হাওড়ে মৎস্যজীবীদের জালে ১০ ফুট লম্বা অজগর
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জেটি রোড সংলগ্ন হাইল হাওড়ে মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে একটি বিশাল আকৃতির অজগর সাপ।
রবিবার সকালে মৎস্যজীবীর জাল থেকে এই বিশাল আকৃতির অজগর সাপ টি উদ্ধার করা হয়
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাওড়ে মাছ ধরার সময় জেলেদের জালে হঠাৎ একটি বড় সাপ আটকা পড়ে। পরে বিষয়টি স্থানীয় রাজা মিয়া ও সাইদুল হক আবুল বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবকে মুঠোফোনে জানান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর তারা পানির ভেতর থেকে জালসহ অজগরটি নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন।
উদ্ধারকৃত অজগর সাপটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন প্রায় ১৫ কেজি বলে জানা গেছে।
পরবর্তীতে সাপটিকে শ্রীমঙ্গল বনবিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে গিয়ে রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্টরা জানান, অজগরটি সুস্থ রয়েছে এবং প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।