মাধবপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা : অবৈধ বালু-মাটি পাচার বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান
অবৈধ বালু ও মাটি পাচারকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজ। প্রয়োজনে জনগণকে নিজেরাই বাদী হয়ে এসব অপরাধীদের বিরুদ্ধে মামলা করারও পরামর্শ দেন তিনি।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, “জুলাই আন্দোলনের মাধ্যমে আপনারা একটি সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছেন। তাহলে অবৈধ বালু ও মাটি পাচারকারীদের বিরুদ্ধে দাঁড়াতে পারবেন না কেন? সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে, প্রয়োজনে নিজেরাই বাদী হয়ে মামলা করবেন।”
তিনি আরও বলেন, “গত ৫৫ বছর আমরা অনেক পেছনের দিকে তাকিয়েছি। এখন দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। তাদের জন্যই ৫ আগস্টের পর পরিবর্তিত পরিবেশে আমরা কাজ করার সুযোগ পেয়েছি। তাদের প্রতি সম্মান দেখাতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।”
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম। সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম সভা পরিচালনা করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান, মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা, উপজেলা বিএনপি সভাপতি মো. শামসুল ইসলাম কামাল, ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সোহেল ও মিনহাজ চৌধুরী কাসেদ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, মাধবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল খায়ের, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ ও নারী উদ্যোক্তা সাবানা চৌধুরীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।