নোয়াখালীতে খাল পুনঃখনন ও মাদকবিরোধী অভিযানে জোর: জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা
নোয়াখালী জেলার সার্বিক উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে খাল পুনঃখনন, জলাবদ্ধতা নিরসন ও মাদক নির্মূল বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৫ মার্চ ) নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোঃ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলার পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন।
সভায় নোয়াখালী জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এসময় জেলার খাল পুনঃখনন কার্যক্রমের বর্তমান অগ্রগতি, দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, জেলার পরিবেশ রক্ষা ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে খালগুলো পুনঃখনন করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে জলাবদ্ধতা দূর করতে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিয়মিত খাল-নালা পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রধান অতিথি এমপি মোঃ শাহজাহান সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, নোয়াখালীকে একটি পরিচ্ছন্ন, জলাবদ্ধতামুক্ত ও মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনসহ সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এ সময় পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান আরও জোরদার করার কথা উল্লেখ করেন এবং এ ক্ষেত্রে জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
সভা শেষে জেলার উন্নয়ন ও নাগরিক স্বার্থে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।