দাগনভূঞায় লাইসেন্সহীন ‘হাজী ক্লিনিক’ সিলগালা করল স্বাস্থ্য বিভাগ
ফেনীর দাগনভূঞা উপজেলার বসুরহাট রোডে অবস্থিত ‘হাজী ক্লিনিক’ নামক একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। আজ সোমবার ১৩ এপ্রিল, ২০২৬ইং বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন না থাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটির নেতৃত্ব দেন দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সানজিদা মাহবুব।
অভিযান সূত্রে জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী ক্লিনিক বা হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় হালনাগাদ লাইসেন্স ও যথাযথ কর্তৃপক্ষের কোনো অনুমোদন ছিল না প্রতিষ্ঠানটির। ডাঃ সানজিদা মাহবুবের উপস্থিতিতে ক্লিনিকের নথিপত্র যাচাই-বাছাই করা হয়। এসময় কর্তৃপক্ষ বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে মূল ফটকে সিলগালা করে দেওয়া হয়।
ডাঃ সানজিদা মাহবুব জানান, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ধরনের তদারকি নিয়মিত অব্যাহত থাকবে। যথাযথ নিয়ম ও লাইসেন্স ছাড়া কাউকে চিকিৎসাসেবা পরিচালনা করতে দেওয়া হবে না। অভিযান চলাকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।