প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরেই বড় বোনের জানাজায় অংশ নিলেন আসাদুজ্জামান চৌধুরী
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের ফুলপুর গ্রামে মরহুমা আফিয়া চৌধুরীর জানাজা নামাজ বুধবার (২২ এপ্রিল) আসর নামাজের পর অনুষ্ঠিত হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বড় বোনের জানাজায় অংশগ্রহণের জন্য সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান চৌধুরীকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। মানবিক দিক বিবেচনায় নির্দিষ্ট সময়ের জন্য এই প্যারোল মঞ্জুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্যারোলে মুক্তি পেলেও তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে হাতকড়া পরিহিত অবস্থায় জানাজায় অংশ নেন। বিষয়টি উপস্থিত মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং পুরো পরিবেশে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।
আসর নামাজের পর ফুলপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শোকাহত পরিবেশে জানাজা সম্পন্ন হয়।
জানাজা শেষে মরহুমা আফিয়া চৌধুরীকে ফুলপুর কবরস্থানে দাফন করা হয়। নির্ধারিত সময় শেষে প্যারোলের শর্ত অনুযায়ী আসাদুজ্জামান চৌধুরীকে পুনরায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।