নাটোরে ফ্রিজে রাখা নষ্ট মাংস বিক্রয় করায় কসাইকে জরিমানা ও মাংস জব্দ
নাটোরের লালপুরে ফ্রিজে কয়েক দিন সংরক্ষণ করে গুণগত মান নষ্ট হওয়া মাংস বিক্রির দায়ে মোঃ বাবুল হোসেন নামের এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে লালপুর ইউনিয়নের লালপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। অভিযানে বাবুল হোসেন ফ্রিজে রাখা নষ্ট মাংস বিক্রির অপরাধ স্বীকার করলে “পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১” এর ১৭ ধারা ভঙ্গের দায়ে তাকে দোষী সাব্যস্ত করে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
এ সময় প্রায় ৭ কেজি গরুর মাংস, যার আনুমানিক মূল্য ৫ হাজার ২৫০ টাকা, জব্দ করা হয়। পরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল্লাহর তত্ত্বাবধানে মাংসগুলো বিনষ্ট করা হয়।
অভিযানে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।