অফিস টাইমে ফাঁকা চেয়ার: ভূমি অফিসে সেবা বঞ্চিত জনগণ, ইউএনও’র হস্তক্ষেপের আশ্বাস
সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সময়সূচি না মানার কারণে সেবাপ্রত্যাশীরা ভোগান্তির শিকার হচ্ছেন। সরকারি কাজের নির্দিষ্ট সময় সকাল ৯টা থেকে শুরু হলেও আজ (০৪/১২/২০২৫) সকাল ১০টা পর্যন্ত ভূমি অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারীকে তাঁদের আসনে পাওয়া যায়নি। এর ফলে সেবা নিতে আসা সাধারণ মানুষজন চরম ভোগান্তির শিকার হন।
আজ সকাল ৯টার পর পরই ভূমি অফিসে গিয়ে দেখা যায়, অফিসের প্রবেশপথ খোলা থাকলেও ভিতরে কর্মকর্তাদের ডেস্কগুলো ছিল ফাঁকা। একটি কম্পিউটার ও প্রিন্টারসহ ডেস্কটি খালি পড়ে রয়েছে। অফিসকক্ষে কেবল পরিচ্ছন্নতা কর্মীকে পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত দেখা যায়।
সরকারি নিয়মানুযায়ী অফিস শুরু হওয়ার এক ঘণ্টা পরও কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত না থাকায় নামজারি, খাজনা প্রদান ও অন্যান্য ভূমি সংক্রান্ত সেবা নিতে আসা জনগণ সেবা থেকে বঞ্চিত হন।
এসময় একজন সংবাদপত্র প্রতিনিধিকে দেখে পরিচ্ছন্নতা কর্মী অনুপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের দ্রুত অফিসে আসার জন্য খবর দেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সাইফুল ইসলাম তাঁর মুঠোফোনে জানান, “বিষয়টি আমি অবগত হয়েছি। সরকারী অফিসের নির্ধারিত সময়সূচি মেনে চলা বাধ্যতামূলক। দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ধরনের অনিয়ম সরকারি সেবার মান নিয়ে প্রশ্ন তুলছে। সাধারণ সেবাপ্রত্যাশীরা দ্রুত এই সমস্যার সমাধান এবং অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন