নজিরের দূর্গে আনিসুল – কামরুলের সংঘর্ষ
তাহিরপুরে নির্বাচনী মিছিলকে কেন্দ্র করে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনিসুল হক ও মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও বাজারে এই সংঘর্ষ হয়।
এতে শিশুসহ কয়েকজন আহত এবং একজন ক্ষুদ্র ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনার দুই পক্ষের সমর্থকরা একে অপরকে দোষারোপ করছেন।
কামরুজ্জামান কামরুলের সমর্থক উত্তর শ্রীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার শামসুল হক ও কলাগাঁও বাজার কমিটির সাবেক সভাপতি জামাল মিয়া বলেন, পূর্ব নির্বারিত কর্মসূচি অনুযায়ী জঙ্গলবাড়ি হয়ে আমরা কলাগাঁও বাজারে মিছিল নিয়ে যাই। আনিসুল হকের সমর্থকরা হঠাৎ ‘ধানের শীষ, ধানের শীষ’ স্লোগান দিয়ে আমাদের উপর হামলা করেছে। তাদের হামলায় শিশুসহ ২ জন আহত হয়েছেন। ফজলু মিয়া(৬০) নামের একজনের মাথা ফেটে গেছে, শিশুটি ঠোঁটে আঘাত পেয়েছে। এছাড়াও সড়কে ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ী রাখাল বাবু নামের একজনের ক্যাশ বাক্স নিয়ে গেছে হামলাকারীরা।
আনিসুল হকের সমর্থক ও উত্তর শ্রীপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, আছরের নামাজের পর চারাগাঁও থেকে লামাকাটা হয়ে শ্রীপুর বাজারে বিএনপির অফিসে মিছিল নিয়ে যাই। হঠাৎ ‘কামরুল, কামরুল’ শ্লোগান দিয়ে মিছিল নিয়ে আমাদের ছেলেদের সামনে এসে বিশৃঙ্খলা করে তারা। এসময় ধাক্কাধাক্কি হয়েছে।
তিনি আরও বলেন, বিশৃঙ্খলার সুযোগে মুড়ির নাড়ু ও মুরালি বিক্রেতার হাজার বারশোর মতো টাকা কেউ নিয়ে গেছে হয়তো। আমরা সাথে সাথে এর সমাধান করেছি। এছাড়াও বিশৃঙ্খলার সময় পাশে দাঁড়ানো ৬-৭ বছরের এক শিশু সামান্য আঘাত পেয়েছে। তিনি বলেন, আমরা হামলা করিনি, ওরা যা বলছে সবই মিথ্যা।
এ বিষয়ে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, সংঘর্ষে কোনো খবর পাননি। তবে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।
https://shorturl.fm/stDcz