লিবিয়া উপকূলে ট্রলার ডুবিতে গোপালগঞ্জের দুই যুবকের মৃত্যু। ৬ জন নিখোঁজ
ইউরোপের স্বপ্ন বুকে নিয়ে অবৈধ পথে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে লিবিয়া উপকূলে নৌকা ডুবে প্রাণ হারিয়েছেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দুই যুবক। একই ঘটনায় আরও ৬জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন বলে পরিবারের বরাতে জানা গেছে। নিহতরা হলেন ননীক্ষির ইউনিয়নের পশ্চিম লওখন্ডা গ্রামের জাহিদ শেখের ছেলে আনিস শেখ (৪০) এবং একই গ্রামের আকোব আলী শেখের ছেলে এনামুল শেখ (৩০)। নিখোঁজ ৬ জন হলেন

(১) ইব্রাহিম শেখ,পিতা: আওলাদ শেখ,(২) ধলা শেখ, পিতা: হায়দার শেখ,(৩) দুলাল মিনা,পিতা: ইকরাম মিনা,(৪)আশিক মিনা, পিতা: হায়দার মিনা, (৫)সোহেল মোল্যা,পিতা: খালেক মোল্যা, (৬)নিয়াজ মিনা,পিতা: হাফিজ মিনা সর্ব সাং- গুনহর,কাশালিয়া ইউনিয়ন,মুকসুদপুর উপজেলা। পরিবারের ভাষ্যমতে,১৫ নভেম্বর বৃহস্পতিবার রাতে লিবিয়ার আল খুমস (Al Khums) উপকূল থেকে একটি বোট ইতালির উদ্দেশে রওনা দেয়। কিছুদূর যাওয়ার পর কোস্টগার্ডের ধাওয়া এলে ট্রলারটি ডুবে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান আনিস ও এনামুল। নিহত এনামুলের বাবা আকোব আলী শেখ গভীর শোক প্রকাশ করে জানান,
মাদারিপুর জেলার দালাল এনামুলের মাধ্যমে ২১ লক্ষ টাকা খরচ করে এক মাস আগে আমার ছেলে কে লিবিয়া পাঠাই।পরে তাকে সাগরপথে ইউরোপে পাঠানোর জন্য ‘গেম’ দেয়া হয়। শেষ পর্যন্ত আমার ছেলে লাশ হয়ে ফিরলো। সরকারের কাছে আমার শুধু চাওয়া আমার ছেলের লাশটি যেন দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। প্রিয়জন হারানোর খবরে পশ্চিম লওখন্ডা গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।নিখোঁজ ছয়জনের সুস্থতার প্রত্যাশায় পরিবারগুলো অপেক্ষা করছে প্রহর গুনে।