ত্রিশালে দুই ট্রাকের সংঘর্ষে চালকসহ হেলপারের মৃত্যু
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলায় দুই মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও তার সহকারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার বৈলর বড়পুকুরপাড় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চালক মো. আল-আমীন (২৮) ও সহকারী মো. রাশেদ (৩০)।
ত্রিশাল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) তারেক হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় এবং ক্ষতিগ্রস্ত ট্রাক দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঢাকাগামী একটি মালবাহী ট্রাককে পেছন দিক থেকে আরেকটি ট্রাক দ্রুতগতিতে এসে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটি দুমড়েমুচড়ে যায় এবং সংঘর্ষের তীব্রতায় দুই ট্রাকই উল্টে যায়। ঘটনাস্থলেই চালক ও সহকারী গুরুতর আহত হন।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাশেদ আহমেদ জানান, আহত দুইজনকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন এসআই তারেক হাসান।