ব্র্যাকের মৃত কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ড নিয়ে গড়িমসি – ৯ মাসেও টাকা পাননি ওয়ারিশরা
হবিগঞ্জের মাধবপুরে ব্র্যাকের প্রগতি কর্মসূচির মৃত সহকারী এরিয়া ম্যানেজার জমিলা খাতুনের প্রভিডেন্ট ফান্ডের প্রায় ১৫ লাখ টাকা পরিশোধে গড়িমসির অভিযোগ উঠেছে। মৃত্যুর প্রায় ৯ মাস পেরিয়ে গেলেও এখনো প্রাপ্য অর্থ বুঝে পাননি তাঁর ওয়ারিশরা। এতে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, জমিলা খাতুন মৃত্যুবরণ করার পর তাঁর প্রভিডেন্ট ফান্ডের অর্থ ওয়ারিশদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও অজ্ঞাত কারণে অর্থ প্রদান করা হয়নি। বিষয়টি নিয়ে পরিবার একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো সুরাহা পায়নি বলে অভিযোগ রয়েছে।
ওয়ারিশদের অভিযোগ, গত ১ অক্টোবর ২০২৫ তারিখে এ বিষয়ে তারা লিখিতভাবে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেন। পরে ৭ অক্টোবর ইউএনও কার্যালয় থেকে ব্র্যাক প্রগতি কর্মসূচির সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলব করে দ্রুত টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন তারা।
মৃত জমিলা খাতুনের ভাগ্নী আমেনা বেগম ও আম্বিয়া বেগম অভিযোগ করে বলেন, বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও ব্র্যাক কর্তৃপক্ষ কোনো সাড়া দিচ্ছে না। এমনকি ফোন কলও রিসিভ করা হচ্ছে না বলে দাবি করেন তারা।
এ বিষয়ে ব্র্যাক প্রগতি কর্মসূচির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, “জমিলার প্রভিডেন্ট ফান্ডের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারব না। সাংবাদিকদের তথ্য দিতে আমার কোনো বাধ্যবাধকতা নেই। আমি সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করা লোক।”
এদিকে দীর্ঘদিন ধরে প্রাপ্য অর্থ না পাওয়ায় পরিবারটি আর্থিক সংকটে পড়েছে বলে জানান ওয়ারিশরা। তারা প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত প্রভিডেন্ট ফান্ডের টাকা পরিশোধের দাবি জানিয়েছেন।
স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে চরম অসন্তোষ বিরাজ করছে। দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।