চট্টগ্রামের মিরসরাইয়ে প্রতারণার মাধ্যমে একাধিক বিয়ে ও স্ত্রী সন্তানের ভরণপোষণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে প্রথম স্ত্রী। আদালতে মামলা করেও পুলিশ আসামী গ্রেফতার না করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
শনিবার সকালে মিরসরাই উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এসব অভিযোগ করেন ভুক্তভোগী ৫ মাসের গর্ভবতী নারী ঝুমুর বেগম।
তিনি বলেন, ২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়িয়ে মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভাধীন মেহেদীনগর গ্রামের মিজানুর রহমানের ছেলে জাহেদ হাসান জয়ের সাথে আমার বিয়ে হয়। বিয়ের ৩ বছর পর সে সৌদি আরব চলে যায়। এ সময় আমার পরিবার জমি বিক্রি করে তাকে ৫ লাখ টাকা দেয়। এছাড়া বিভিন্ন সময় আমি তাকে সাড়ে ৭ লাখ টাকা দিয়েছি। কিন্তু সে সৌদি আরবে নারী কেলেঙ্কারিতে ধরা পড়লে তাকে দেশে পাঠিয়ে দেয়। পরে সে দেশে ফিরে বাঁশখালীর এক মেয়ের পুনরায় বিয়ে করে। এখন আমার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন আমাকে অস্বীকার করছে। আমি ৫ মাসের গর্ভবতী। আমি আপনাদের মাধ্যমে আমার ও সন্তানের অধিকার ফিরে পাবার দাবি করছি।