নিজ বাড়িতে গাঁজা চাষ: কুমিল্লায় ৪ গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন মেটাংঘর গ্রামে নিজ বাড়িতে গাঁজা চাষের অভিযোগে মহিউদ্দিন মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মহিউদ্দিন মিয়া গোপনে তার বসতবাড়ির আঙিনায় গাঁজা গাছ চাষ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ৪টি গাঁজা গাছ উদ্ধার করে এবং তাকে আটক করে।
গ্রেফতারকৃত মহিউদ্দিন মিয়া মেটাংঘর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত সূর্য মিয়া।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।