কুমিল্লা মুরাদনগরে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ অপসারণসহ ১ জনকে কারাদণ্ড
কুমিল্লার মুরাদনগরে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পারভেজ নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২টি ড্রেজার মেশিন ও প্রায় ১২’শ ফুট পাইপ অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম. সারোয়ার রাব্বীর নির্দেশনায় বাঙ্গরা বাজার থানাধীন পূর্ব ধইর (পূর্ব ) ইউনিয়নের এলখাল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাকিব হাছান খাঁন।
অভিযান সূত্রে জানা যায়, এলখাল এলাকায় দীর্ঘদিন ধরে কৃষিজমি থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কার্যক্রম বন্ধ করা হয় এবং ২টি ড্রেজার মেশিন ও প্রায় ১২’শ ফুট পাইপ অপসারণ করা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত-২০২৩) অনুযায়ী একটি মামলায় পারভেজকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাকিব হাছান খাঁন বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ রক্ষা ও কৃষিজমি সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।