কুমিল্লা নিউ মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
Nexus Trading-এ হামলা, ভাঙচুর এবং ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো: আল আমিনসহ অন্তত ৫ কর্মচারী আহত হয়েছেন। আহতরা স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, কুমিল্লা নিউ মার্কেটের ৩য় তলায় অবস্থিত “Nexus Trading” দীর্ঘদিন ধরে ফ্রিজ, এসি, টেলিভিশনসহ বিভিন্ন ইলেকট্রনিকস সামগ্রীর ব্যবসা পরিচালনা করে আসছে। গত ১৪ মে আনুমানিক সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে একদল দুর্বৃত্ত ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় দোকানের বিভিন্ন মূল্যবান ইলেকট্রনিকস সামগ্রী, শোকেস ও অভ্যন্তরীণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় দোকানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কর্মচারীরা প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন। হামলাকারীদের বাধা দিতে গেলে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো: আল আমিনসহ ৫ কর্মচারী আহত হন।
অভিযোগে আরও বলা হয়, হামলার পূর্ব ও পরবর্তীতে অজ্ঞাত পরিচয়ে বিভিন্ন মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন এবং ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া, আরও বড় ধরনের ক্ষতি এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো: আল আমিন বলেন,
“আমরা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছি। হঠাৎ করে একটি চক্র আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংসের চেষ্টা করছে। দোকানের মালামাল ভাঙচুরের পাশাপাশি মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছে। আমি ও আমার কর্মচারীরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।”
তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
স্থানীয় ব্যবসায়ী মহল এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও ভয়ভীতি সৃষ্টি বাণিজ্যিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি। তারা ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।