সরকারি নির্দেশ উপেক্ষা করে ফেনীতে কোচিং সেন্টার চালু
এসএসসি ও সমমান পরীক্ষাকে সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে ফেনী জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা গণবিজ্ঞপ্তিতে পরীক্ষা চলাকালীন সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও বাস্তবে সেই নির্দেশনা মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি ফেনীর একটি এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, “মেধা বিকাশ প্রাইভেট হোম” নামে একটি কোচিং সেন্টার খোলা রয়েছে এবং ভেতরে শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রতিষ্ঠানের সামনে একাধিক শিক্ষার্থীর জুতা-স্যান্ডেল রাখা এবং আংশিক খোলা শাটারের ভেতরে কার্যক্রম চলার দৃশ্য থেকে ধারণা করা হচ্ছে, সেখানে ক্লাস পরিচালিত হচ্ছিল।
উল্লেখ্য, জেলা প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয় যে, এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রের আশেপাশে সকল কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে এবং এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের অভিযোগ, কিছু কোচিং সেন্টার গোপনে বা আংশিকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা প্রশাসনের নির্দেশনার পরিপন্থী। এতে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন সচেতন মহল।
এ বিষয়ে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কোচিং সেন্টারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সচেতন মহল মনে করছেন, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসনের নিয়ম কঠোরভাবে বাস্তবায়ন করা জরুরি