দাগনভূঞা মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার সিলগালা: ৩ প্রতিষ্ঠানকে সতর্কবার্তা
ফেনী দাগনভূঞা উপজেলায় লাইসেন্সবিহীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। অভিযানে ‘মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার’কে ১০ হাজার টাকা জরিমানাসহ সিলগালা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সানজিদা মাহবুবের উপস্থিতিতে উপজেলার ৫টি ক্লিনিকে এ পরিদর্শন কার্যক্রম চালানো হয়।
কর্তৃপক্ষ জানায়, মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকা এবং ল্যাবে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহারের প্রমাণ পাওয়ায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া হাজী ক্লিনিক, আই কেয়ার হাসপাতাল ও লাইফ এইড ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন ত্রুটির কারণে সতর্ক করা হয়েছে। অন্যদিকে, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রমে কোনো অসংগতি পাওয়া যায়নি।
অভিযান পরিচালনাকারী দল জানায়, সাধারণ মানুষের সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে অবৈধ ও নিয়মবহির্ভূত ক্লিনিকগুলোর বিরুদ্ধে প্রশাসনের এই নজরদারি কঠোরভাবে পালন করা হবে।