শ্রীমঙ্গলের কৃতি ফুটবলার স্যামুয়েল রাকসামকে এমপি মুজিবুর রহমান চৌধুরীর অভিনন্দন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৬ এপ্রিল ২০২৬ : দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারত দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় শ্রীমঙ্গলের কৃতি সন্তান স্যামুয়েল রাকসামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) এক অভিনন্দনবার্তায় তিনি বলেন, শ্রীমঙ্গলের গারোলাইন, মাজডিহি ও কালাপুর এলাকার এই প্রতিভাবান ফুটবলার ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির ছাত্র হিসেবে দেশের জন্য যে সম্মান বয়ে এনেছে, তা আমাদের সকলকে গর্বিত করেছে।
তিনি আরও বলেন, স্যামুয়েল রাকসামের এই সাফল্য প্রমাণ করে—অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনা থাকলে বাংলাদেশের তরুণরা আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম।
সংসদ সদস্য তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আশা প্রকাশ করে বলেন, স্যামুয়েল রাকসাম আগামীতেও দেশের জন্য আরও সাফল্য বয়ে আনবেন এবং বাংলাদেশের ফুটবলকে বিশ্বদরবারে আরও এগিয়ে নিয়ে যাবেন।
বার্তার শেষাংশে তিনি বলেন, “অভিনন্দন স্যামুয়েল রাকসাম—দেশ এগিয়ে যাক, খেলাধুলা এগিয়ে যাক।”
কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা
#
দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারত দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় শ্রীমঙ্গলের কৃতি সন্তান স্যামুয়েল রাকসামকে শুভ্র ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এক বিবৃতিতে তিনি বলেন, শ্রীমঙ্গলের মাটি থেকে উঠে আসা স্যামুয়েল রাকসামের এই অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত। তিনি উল্লেখ করেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়দের যথাযথ প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা প্রদান করা গেলে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের মতো শক্তিশালী দলকে পরাজিত করা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা, যা দেশের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে। এই জয়ের মাধ্যমে দেশের তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও উৎসাহিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।