মাঝেরচরে অসুস্থ হরিণ উদ্ধার, বনরক্ষীদের যত্নে সুস্থ হচ্ছে।
পূর্ব সুন্দরবনের দুবলার মাঝেরচরে অসুস্থ অবস্থায় একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বনরক্ষীরা। শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৩টার দিকে টহলের সময় বনভূমিতে মাটিতে পড়ে থাকতে দেখে হরিণটিকে উদ্ধার করা হয়।
জেলেপল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার সুব্রত কুমার দাস জানান, “টহলের সময় আমরা বনের ভিতরে একটি হরিণকে মাটিতে পড়ে থাকতে দেখি। কাছে যেতেই বুঝি সে দাঁড়াতেও পারছে না। পরে হরিণটিকে উদ্ধার করে মিষ্টি পানি ও কেওড়া পাতা খাওয়ানো হয়। এখন কিছুটা সুস্থবোধ করছে।”
বনরক্ষীরা জানিয়েছেন, হরিণটি হয়তো দীর্ঘ সময় না খেয়ে থাকায় দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে হরিণটিকে ফাঁড়িতে এনে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তাকে আবারও বনে ছেড়ে দেওয়া হবে।
প্রাকৃতিক দুর্যোগ ও খাদ্য সংকটে মাঝে মাঝেই বন্যপ্রাণীরা দুর্বল হয়ে পড়ে, এমনকি লোকালয়ে চলে আসে। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, হরিণটি যেন নিরাপদে সুস্থ হয়ে উঠতে পারে—সে জন্য যত্নে পর্যবেক্ষণ চালানো হচ্ছে।