লাউয়াছড়ায় বনভূমি দখলমুক্ত: প্রভাবশালীদের কবল থেকে ৩ একর জায়গা উদ্ধার করলো বন বিভাগ।
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকা প্রায় ৩ একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (১২ জুলাই) দুপুরে লাউয়াছড়ার বাঘমারা বন অফিসের পূর্ব-দক্ষিণ দিকে এ অভিযান পরিচালিত হয়।
উদ্ধার করা বনভূমিতে দখলদাররা লেবু বাগান গড়ে তুলেছিল। অভিযান পরিচালনার সময় বন বিভাগের কর্মীরা দখলকৃত এলাকায় লেবু গাছ কেটে ফেলে পুনরায় নতুন বনজ ও ফলজ গাছের চারা রোপণ শুরু করেন।
অভিযানে নেতৃত্ব দেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান এবং শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক। তাদের সঙ্গে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং স্থানীয় বন টহল দল (সিপিজি)।
বিষয়টি নিশ্চিত করে রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন,
> বন বিভাগ ও পুলিশের সমন্বয়ে প্রায় ৩ একর দখল হওয়া জায়গা উদ্ধার করা হয়েছে। এখন সেখানে ফলজ ও বনজ চারা রোপণ চলছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।