মাধবপুরে ১২০ সুফলভোগীর মাঝে ছাগলসহ উপকরণ বিতরণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ মে) দুপুরে মাধবপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নেতা সৈয়দ মোঃ শাহজাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা মিঠুন সরকার।
জানা যায়, উপজেলার মোট ২৬৩ জন সুফলভোগীর মধ্যে প্রথম ধাপে ১২০ জনের মাঝে উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক সুফলভোগীকে ২টি করে ছাগল, ৫টি ফ্লোর ম্যাট এবং ৫০ কেজি করে পশুখাদ্য প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের উদ্যোগ অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি মোঃ গোলাপ খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাংবাদিক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ মোঃ জাভেদ, নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, মাধবপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর কবির, মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কাদের এবং মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, দৈনিক দেশ রূপান্তরের মাধবপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক জালাল উদ্দিন লস্করসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।