জাতীয় প্রেসক্লাব কর্মচারী ইউনিয়নের সভাপতি নির্বাচিত হলেন নাসিরনগরের জাহাঙ্গীর মিয়া
জাতীয় প্রেসক্লাব কর্মচারী ইউনিয়ন নির্বাচন (২০২৬-২০২৭) এ বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কৃতি সন্তান মো. জাহাঙ্গীর মিয়া। শুক্রবার (২৪ এপ্রিল) অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। ইউনিয়নভুক্ত মোট ৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৩৩ ভোট পেয়ে বিজয়ী হন মো. জাহাঙ্গীর মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপন চন্দ্র দাস পেয়েছেন ২০ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. রুহুল আমিন।
নব-নির্বাচিত সভাপতি মো. জাহাঙ্গীর মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের নাসিরপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। পেশাগত জীবনে তিনি দীর্ঘ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সাথে জড়িত। ইতিপূর্বে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে দুই মেয়াদে সাধারণ সম্পাদক, দুই মেয়াদে সিনিয়র সহ-সভাপতি এবং দুই মেয়াদে কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।
তার এই বিজয়ে নাসিরনগর সদর ইউনিয়নসহ পুরো উপজেলা জুড়ে আনন্দের আমেজ বিরাজ করছে। স্থানীয়রা তাকে অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।