শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর কিশোর জুনায়েদ হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুইদিন পর মো. জুনায়েদ (১৪) নামে মধ্যপ্রাচ্য প্রবাসীর ছেলে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত জুনায়েদ উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রামের প্রবাসী মো. রমিজ আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টার দিকে বাড়ির সামনে থেকে জুনায়েদ নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরবর্তীতে ২৯ মার্চ (রোববার) উপজেলার পূর্ব বাদে আলীশা এলাকার একটি দিঘির পাশের পতিত জমি (কামারপাড়া হাওর সংলগ্ন এলাকা) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ ঘটনায় নিহতের মা ইয়ারুন নেছা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-২৪, তারিখ ৩১ মার্চ ২০২৬; ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোডে মামলাটি রুজু করা হয়েছে।
মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিভিন্ন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীমঙ্গল থানা পুলিশের একাধিক টিম মঙ্গলবার (৩১ মার্চ) ভুনবীর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— মো. মারুফ (২৪), পিতা: মো. ছুরুত আলী (ছুরুক), গ্রাম: আলীমারকুল এবং মো. জুয়েল মিয়া (২৭), পিতা: তোরাব মিয়া, গ্রাম: বাদে আলীশা। তারা উভয়ই ভুনবীর ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত জুনায়েদের ব্যবহৃত মোবাইল ফোনের সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের দাবি, জুনায়েদকে নিখোঁজ নয় বরং অপহরণ করে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তের স্বার্থে অন্যান্য তথ্য আপাতত প্রকাশ করা হচ্ছে না।
Start sharing, start earning—become our affiliate today!