সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের শরীয়া মাদ্রাসার উদ্যোগে এক আন্তরিক ও ভাবগম্ভীর পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে শরীয়া মাদ্রাসার সকল ছাত্র, শিক্ষক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা কেন্দ্রীয় কমিটির সভাপতি পীরজাদা আবু জর মোহাম্মদ শামসুদ্দোহা। তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের এক মহামূল্যবান সুযোগ। তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও ইসলামী আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। ইসলামের সঠিক শিক্ষা অর্জনের মাধ্যমে সমাজকে আলোকিত করার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব কাফেলার কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা মোঃ সাইদুল ইসলাম আল আমিন। তিনি তার বক্তব্যে বলেন, রমজান মাস মানুষকে ধৈর্য, সংযম ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়। এই মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি, কোরআন তিলাওয়াত এবং দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। তিনি তরুণ প্রজন্মকে ইসলামের সুমহান আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হযরত মাওলানা কামরুল ইসলাম সিদ্দিকী। তিনি বলেন, সমাজে শান্তি, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য ইসলামী শিক্ষার বিকল্প নেই। মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন-সুন্নাহর আলোকে নিজেদের গড়ে তোলার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া তার বক্তব্যে বলেন, ইসলামী সংগঠনগুলোকে শক্তিশালী করতে তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, দ্বীনি শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে একটি সুন্দর ও আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
ইফতারের পূর্বে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। পরে সকলের অংশগ্রহণে ইফতার সম্পন্ন করা হয়। ইফতারের মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ যুব কাফেলার কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা মোঃ সাইদুল ইসলাম আল আমিন।
মোনাজাতে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এতে অংশগ্রহণকারী সকলেই সন্তোষ প্রকাশ করেন।