ফেনীতে মাদকের হাটে যৌথ অভিযান: ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, জনমনে প্রশ্ন
ফেনীতে দীর্ঘদিন ধরে আলোচিত মাদক বিক্রির স্পট হিসেবে পরিচিত লালপোল বেদে পল্লী এলাকায় প্রশাসনের যৌথ অভিযানে প্রত্যাশিত সাফল্য না আসায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, যেখানে প্রকাশ্যে দিন-রাত মাদকের কেনাবেচা চলে বলে অভিযোগ রয়েছে, সেখানে কয়েক ঘণ্টাব্যাপী অভিযানে মাত্র ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হওয়া হতাশাজনক।
গতকাল(১৪ মে) বিকেলে ফেনী সদর উপজেলার লালপোল বেদে পল্লী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা ও সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এবং পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. জুয়েল (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি স্থানীয় বেদে পল্লীর বাসিন্দা ও মো. সুজার ছেলে।
তবে স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, অভিযানের আগেই তথ্য ফাঁস হওয়ায় বড় মাদক কারবারিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাদের ভাষ্য, এ এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি হয়। অথচ এত বড় অভিযানে সামান্য গাঁজা উদ্ধার হওয়া রহস্যজনক।
সচেতন মহলের মতে, মাদকবিরোধী অভিযান কার্যকর করতে হলে শুধু ছোটখাটো উদ্ধার নয়, বরং মূল কারবারিদের আইনের আওতায় আনা জরুরি। একই সঙ্গে অভিযানের তথ্য ফাঁসের অভিযোগ খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, মাদক নির্মূলে অভিযান চলমান থাকবে। ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com