কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ
কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন এলাকায় এক গৃহবধূকে মারধর করে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, সালাউদ্দিন মোড়ের ঠাকুরপাড়া (মাস্টারপাড়া) এলাকার বাসিন্দা রত্না চক্রবর্তী (৫০) একই এলাকার রানা চক্রবর্তী (৩৫)-এর বিরুদ্ধে এ অভিযোগ করেন।
ভুক্তভোগীর দাবি, গত ১৫ মে রাত আনুমানিক ৩টার দিকে তার মেঝো ছেলে বাসা থেকে বের হওয়ার সময় তিনি প্রধান গেট বন্ধ করছিলেন। এ সময় অভিযুক্ত রানা চক্রবর্তী তাকে পথরোধ করে অতর্কিত হামলা চালায়। তিনি এলোপাতাড়ি কিল–ঘুষিতে আহত হয়ে মাটিতে পড়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় তার গলায় থাকা প্রায় ৭ আনা ওজনের স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ১০ হাজার টাকা, জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে বলা হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায় এবং যাওয়ার সময় তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়।
স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। পরে ভুক্তভোগীকে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
পরে আহত অবস্থায় রত্না চক্রবর্তীকে কুমিল্লা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসার কাগজপত্র অভিযোগের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com