মুরাদনগরে ১৬৭টি কৃষি যন্ত্রপাতি বিতরণ করলেন ধর্মমন্ত্রী
কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষির আধুনিকায়ন ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ১৬৭টি কৃষি ও সেচ যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব যন্ত্রপাতি বিতরণ করেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
২০২৫-২৬ অর্থবছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের “কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বিতরণকৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে ১৭টি ধান কর্তন যন্ত্র, ৯টি ভুট্টা মাড়াই যন্ত্র, ৯টি বেড প্ল্যান্টারসহ বিভিন্ন ধরনের সেচ পাম্প ও মাড়াই যন্ত্র।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী বলেন,
“কৃষিকে আধুনিক ও লাভজনক করাই সরকারের মূল লক্ষ্য। আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার কৃষকদের উৎপাদন খরচ কমাবে এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খাঁন পাপ্পু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক এবং উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া ও আব্দুল আজিজ মোল্লা, যুবদলের আহ্বায়ক সোহেল সামাদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ২২টি ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা শেষে ধর্মমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে যন্ত্রপাতির চাবি ও সরঞ্জাম তুলে দেন।
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com