সাহেবের ঘাটে নিষেধাজ্ঞা অমান্য: ২ জনকে দেড় লাখ টাকা জরিমানা
ফেনীর সোনাগাজী উপজেলার সাহেবের ঘাট ব্রিজ এলাকায় প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা অমান্য করে বালু পরিবহনের দায়ে দুই ব্যক্তিকে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগান চাকমার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, নদীপথে নতুন করে বালু উত্তোলন ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। শুধুমাত্র পূর্বে উত্তোলিত বালু সরিয়ে নেওয়ার অনুমতি থাকলেও অভিযুক্তরা নতুন করে বালু আনছিলেন।
অভিযানের সময় একটি বাল্কহেডে বালু আনার প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়। একই সঙ্গে এলাকার বিভিন্ন বালুমহালের পাইপলাইন ধ্বংস করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।