কুমিল্লা মুরাদনগর বাঙ্গরা বাজার থানাধীন মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ ৪ জন আটক
কুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৬ সালের ৫ মে দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে বাঙ্গরা বাজার থানার এসআই (নিঃ) সাজ্জাদ উল করিমের নেতৃত্বে এএসআই (নিঃ) আল আমিনসহ সঙ্গীয় ফোর্স নিয়মিত রাত্রীকালীন আইন-শৃঙ্খলা ডিউটি ও মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা ১২নং রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের তেমুরিয়া এলাকায় জাহেদ আলী মার্কেট সংলগ্ন আমির কার ওয়াশের সামনে অবস্থান নেন।
এসময় সাক্ষীদের উপস্থিতিতে সন্দেহভাজন চারজনের দেহ তল্লাশি করা হলে তাদের কাছ থেকে মোট ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছে—রমিজ (২১), যার কাছ থেকে ৬ পিস; ইমন মিয়া (২১), যার কাছ থেকে ৪ পিস; হযরত আলী (৩১), যার কাছ থেকে ৫ পিস এবং সম্রাট (১৮), যার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ২ গ্রাম বলে জানা গেছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে পুলিশ একটি জব্দ তালিকা প্রস্তুত করে এবং আটককৃতদের থানায় নিয়ে আসে। পরবর্তীতে এ ঘটনায় বাঙ্গরা বাজার থানায় মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় বাঙ্গরা বাজার থানার মামলা নং-০৩, তারিখ ০৫ মে ২০২৬, ধারা ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।