শিরোনাম: ফেনীতে সরকারি আদেশ তুচ্ছ করে চলছে কোচিং: ‘লুকোচুরি’ বন্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস এডিসির
এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র ফাঁস রোধে দেশজুড়ে কোচিং সেন্টার বন্ধের কড়া নির্দেশনা থাকলেও ফেনীতে তা মানা হচ্ছে না। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে শহরের বিভিন্ন এলাকায় বীরদর্পে চলছে কোচিং বাণিজ্য। বিশেষ করে শহরের ডাক্তার পাড়া এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করার হিড়িক পড়েছে।
সরেজমিনে দেখা যায়, মেধা বিকাশ প্রাইভেট হোম, ইন্টেনসিভ কেয়ার একাডেমি, সরণি কোচিং, জাহিদ স্যার, বাদল’স ইংলিশ কেয়ার ও ক্যাডেট কেয়ারসহ বেশ কিছু প্রতিষ্ঠান নিয়মিত পাঠদান চালিয়ে যাচ্ছে। এসব প্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের ভিড় এবং সারিবদ্ধ জুতো ও সাইকেল দেখে বোঝার উপায় নেই যে সরকারি কোনো নিষেধাজ্ঞা জারি আছে। স্থানীয়দের অভিযোগ, মূল ফটক আংশিক বন্ধ রেখে ভেতরে গাদাগাদি করে ক্লাস নেওয়া হচ্ছে।
এ বিষয়ে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতেমা সুলতানা বলেন, “অপরাধকারীরা অনেকটা লুকোচুরি করে কার্যক্রম চালাচ্ছে। বিষয়টি যেহেতু আমাদের নজরে এসেছে, আমরা দ্রুত সময়ের মধ্যে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেব।” পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে দ্রুতই ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।