শ্রীমঙ্গল চিত্রশিল্পী সংস্থার বার্ষিক সভা ও ৩৩ সদস্যের নতুন কমিটি গঠন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৭ এপ্রিল ২০২৬ : শিল্প-সংস্কৃতির বিকাশ এবং সৃজনশীল চর্চাকে এগিয়ে নিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় চিত্রশিল্পী সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টায় ‘রঙের ক্যানভাসে জীবনের গল্প’—এই প্রতিপাদ্য ও শ্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গল শহরের কোর্ট রোডে সংস্থার আয়োজনে এ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত ও পরবর্তীতে গীতা পাঠের মাধ্যমে।
সংগঠনের সদস্যদের সক্রিয় অংশগ্রহণে ও সুধীজনদের উপস্থিতিতে এই আয়োজনে সভাপতিত্ব করেন সংস্থার আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী কামরুল ইসলাম বাবুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোছাব্বির আলী মুন্না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; বীর মুক্তিযোদ্ধা ফোরকান উদ্দিন বীর প্রতীক, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও ‘আমার সিলেট' (amarsylhet24.com)-এর সম্পাদক মুহাম্মদ আনিছুল ইসলাম আশরাফী, সাংবাদিক ও বঙ্গকবি লুৎফুর রহমান, সাংবাদিক রূপক দত্ত চৌধুরী, জসীম উদ্দিন প্রমুখ।
চিত্রশিল্পীদের পেশাদারী ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার নিমিত্তে শিল্পচর্চার প্রসার ও শিল্পীদের পারস্পরিক সংযোগ আরও দৃঢ় করার আহবান জানিয়ে বিশেষ অতিথির বক্তব্যে আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, স্থানীয় চিত্রশিল্পীদের পেশাদারিত্ব, দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতা বাড়াতে চিত্রশিল্পী সংস্থাকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। শিল্পীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদার হলে জেলার শিল্পাঙ্গন আরও সমৃদ্ধ হবে।
শিল্পীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে শিল্পচর্চায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানিয়ে বিশেষ অতিথির বক্তব্যে আমার সিলেট' (amarsylhet24.com)-এর সম্পাদক মুহাম্মদ আনিছুল ইসলাম আশরাফী বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, সহিংসতা ও প্রযুক্তিনির্ভর একঘেয়েমি থেকে দূরে রাখতে শিল্প-সংস্কৃতির বিকল্প নেই। তরুণদের চিত্রকলার প্রতি আগ্রহী করে তুলতে নিয়মিত কর্মশালা, প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন জরুরি।
সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে চিত্রশিল্পী সংস্থার ৩৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে সিতাংশু শেখর রায় (বকুল)কে সভাপতি এবং মোঃ মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া ১৩ জনের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com