মাধবপুরে বৃত্তি পরীক্ষায় ‘গার্ডের কলম’, সাংবাদিক প্রবেশে কড়াকড়ি—ইউএনওর ভূমিকা নিয়ে বিতর্ক
হবিগঞ্জের মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রকে ঘিরে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। পরীক্ষার্থীদের পরিবর্তে দায়িত্বে থাকা কিছু শিক্ষক (গার্ড) শিক্ষার্থীদের খাতায় প্রশ্নের উত্তর লিখে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে সাংবাদিকদের প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করায় বিষয়টি নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক।
গত ১৫ এপ্রিল উপজেলার নোয়াপাড়ায় অবস্থিত সৈয়দ সঈদ উদ্দীন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন স্থানীয়রা। স্থানীয় সাংবাদিকদের দাবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাসেমের নির্দেশনার কারণে সাংবাদিকদের প্রবেশে কঠোরতা আরোপ করা হয়, যা অনিয়মের সুযোগ তৈরি করেছে।
এ বিষয়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, সাংবাদিক প্রবেশের বিষয়ে তাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, “ইউএনও স্যার আমাকে বলেছেন—যদি কোনো সাংবাদিক পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে চান, তাহলে লিখিত আবেদন করে অনুমতি নিতে হবে। নির্বাচন পর্যবেক্ষণ কার্ড নেওয়ার মতো প্রক্রিয়ায় অনুমতি নিতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।”
পরীক্ষায় অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, দায়িত্বে থাকা কয়েকজন শিক্ষক অনৈতিকভাবে উৎকোচ নিয়ে শিক্ষার্থীদের খাতায় উত্তর লিখে দিচ্ছেন। আবার কেউ কেউ উত্তর বলে দিচ্ছেন বানানসহ। এতে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা কি পরীক্ষা, নাকি বাণিজ্য? শিক্ষক যদি উত্তর লিখে দেন, তাহলে মেধা যাচাই হবে কীভাবে?”
অভিযোগ রয়েছে, পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারির মাধ্যমে সাংবাদিকদের প্রবেশে সীমাবদ্ধতা তৈরি করা হয়। এতে অসাধু কিছু শিক্ষক নকল ও অনিয়মের সুযোগ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে তীব্র সমালোচনা দেখা দিয়েছে। সাংবাদিকদের অভিযোগ, গণমাধ্যমকে দূরে রেখে পরীক্ষার স্বচ্ছতা ব্যাহত করা হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সাংবাদিকদের লিখিত অনুমতির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাসেমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে এ বিষয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. সরফরাজ বলেন, সাংবাদিকরা ১৪৪ ধারার আওতায় পড়েন না। তিনি জানান, সাংবাদিকরা কেন্দ্র সচিবের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষা কেন্দ্র থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন।
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com