শ্রীমঙ্গলে বিএনপি নেতা আলতাফকে দল থেকে অব্যাহতি
শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৬ এপ্রিল ২০২৬ : নানা কারণে আলোচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শ্রীমঙ্গল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আহবায়ক কমিটির সদস্য মো. আলতাফুর রহমান নাজমুল হাসানকে তার প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দিয়েছে দলটি।
তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠায় তাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) শ্রীমঙ্গল পৌর বিএনপির আহবায়ক শামীম আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মিল্লাদ হোসেন মিরাশদার ও যুগ্ম আহবায়ক মো. রাশিদুল হাসান কর্তৃক যৌথভাবে স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি প্রদানের বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, "দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বিএনপির ২ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য মো. আলতাফুর রহমান নাজমুল হাসানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।"
মো. আলতাফুর রহমান নাজমুল হাসান আশীদ্রোণ ইউনিয়নের চারটি গ্রামের সাধারণ মানুষের নামে একের পর এক মামলা দিয়ে হয়রানী, সরকারি বিভিন্ন অফিসে গিয়ে দলীয় পরিচয়ে দাপট দেখানো, সংবাদ প্রকাশের জন্য দৈনিক খোলাকাগজ পত্রিকার মৌলভীবাজারের স্টাফ রিপোর্টার মো. এহসানুল হকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের, স্কুল স্থাপন করে সরকারি পাঠ্যপুস্তক গ্রহণ করে তা ভাঙারির দোকানে বিক্রিসহ নানা কারণে পুরো উপজেলায় আলোচিত হয়ে ওঠেন। এমনকি তার রোষানল থেকে রক্ষা পায়নি নিজ দলের নেতাকর্মীরাও। সম্প্রতি পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড কমিটির আহবায়ক আশরাফুল ইসলাম লিয়াকত, আশীদ্রোণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করেও মামলা দায়ের করে।
সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে গত ১৩ এপ্রিল শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর তিনদিনের মাথায় আলতাফুর রহমান নাজমুল হাসানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো শ্রীমঙ্গল পৌর বিএনপি।
এদিকে মো. আলতাফুর রহমান নাজমুল হাসানকে দলের সকল পদ থেকে অব্যাহতির খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তির নিঃশ্বাস বিরাজ করছে। আশীদ্রোণ ইউনিয়নের চার গ্রামের হাজারো সাধারণ মানুষ তার হয়রানি ও আতঙ্ক থেকে মুক্তি পাবার প্রত্যাশা করছেন।
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com