কুমিল্লা মুরাদনগর কৃষিজমিতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
কুমিল্লার মুরাদনগর উপজেলায় একটি কৃষিজমি থেকে এরশাদ মিয়া (৩২) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের ব্রাহ্মণ চাপিতলা গ্রামের দক্ষিণ মাঠের একটি কৃষিজমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত এরশাদ মিয়া ওই গ্রামের আব্দুল হকের ছেলে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামান এবং বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের খান।
নিহতের পিতা জানান, এরশাদ মিয়া পূর্বে গাড়ি চালিয়ে সংসারের খরচ চালাতেন। তবে কয়েক বছর আগে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। তাকে মাদক থেকে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে অনেক চেষ্টা করা হলেও তা সফল হয়নি। এমনকি তার বিয়েও দেওয়া হয়েছিল, কিন্তু মাদকাসক্তির কারণে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান।
তিনি আরও জানান, সোমবার রাত থেকে এরশাদ নিখোঁজ ছিলেন। পরদিন সকালে স্থানীয় লোকজন কৃষিজমিতে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয় এবং পরে পুলিশে জানানো হয়।
স্থানীয় ইউপি সদস্য মোমেন মিয়া বলেন, প্রায় এক বছর আগে এরশাদকে মাদকসহ পুলিশে দেওয়া হয়েছিল। কিন্তু এরপরও তিনি সংশোধন হননি। যেখানে মরদেহ পাওয়া গেছে, সেটি মাদকসেবীদের আড্ডাস্থল হিসেবে পরিচিত। তিনি এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বাঙ্গরা বাজার থানার ওসি আব্দুল কাদের খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com