“দুর্গম বনাঞ্চলে বিজিবির মাদকবিরোধী অভিযান, দুই লক্ষাধিক টাকার মাদক জব্দ”
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাতছড়ি সীমান্তের দুর্গম বনাঞ্চলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে চলমান কঠোর অভিযানের অংশ হিসেবে বুধবার (১৮ মার্চ) বিকাল ৫টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর সাতছড়ি বিওপির একটি টহলদল সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি এলাকার ‘সেগুন বাগান’ নামক স্থানে কয়েকজন মাদক পাচারকারীকে ভারতীয় মালামাল ভর্তি বস্তা নিয়ে প্রবেশ করতে দেখা যায়।
টহলদল চোরাকারবারীদের ধাওয়া দিলে তারা বস্তাগুলো ফেলে দ্রুত বনের ভেতরে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, চলতি মাসে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে এ পর্যন্ত সর্বমোট ১৫৯ কেজি ভারতীয় গাঁজা ও ২০৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। বিজিবি কর্তৃপক্ষ সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে তাদের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে জানায়, যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা এবং দেশের অর্থনীতিকে সুসংহত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সীমান্তবর্তী জনগণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।