বিজিবির পৃথক অভিযান ৫৫ কেজি ভারতীয় গাঁজা ও ৮টি চোরাই গরু জব্দ
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পৃথক অভিযান চালিয়ে প্রায় আট লাখ টাকা মূল্যের ৫৫ কেজি ভারতীয় গাঁজা ও ৮টি ভারতীয় চোরাই গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার (৭ মার্চ) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত গাঁজা ও গরুর আনুমানিক সিজার মূল্য প্রায় আট লাখ টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে সাতছড়ি বিওপির একটি বিশেষ টহলদল শনিবার রাত আনুমানিক ২টার দিকে সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শালবাগান এলাকায় টহল পরিচালনা করে। এ সময় কয়েকজন মাদক পাচারকারী ভারত থেকে কয়েকটি বস্তায় করে মালামাল নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৫৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
এদিকে একই এলাকায় পৃথক আরেকটি বিশেষ অভিযানে সাতছড়ি বিওপির টহলদল ভারত থেকে পাচারকৃত মালিকবিহীন ৮টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত গরু ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করা এবং দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনসাধারণের সচেতনতা ও সহযোগিতা কামনা করা হয়েছে।
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com