কুড়িগ্রামে ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, ১ লক্ষ টাকার দন্ড ও ভাটা বন্ধ করল প্রশাসন
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অনুমোদনবিহীনভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা আদায় ও স্থাপনাটি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার (২ মার্চ ২০২৬) জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভিতরবন্দ ইউনিয়নে অবস্থিত মেসার্স এসএসফোর ব্রিকস নামের ইটভাটায় এ অভিযান চালানো হয়। অভিযানে ভাটাটির বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের অনুমতি ছাড়াই কৃষিজমি থেকে ইট তৈরির জন্য মাটি সংগ্রহ করা হচ্ছিল। এছাড়া ভাটাটির প্রয়োজনীয় হালনাগাদ কাগজপত্রও ছিল না। এসব অপরাধে এক লাখ (১,০০,০০০) টাকা অর্থদণ্ড ধার্য করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে স্কেভেটর দিয়ে ভাটার অবকাঠামো ভেঙে কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপচাঁদ। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। এ সময় জেলা পুলিশ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা সহায়তা করেন।
এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষিজমি রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।