সুনামগঞ্জে সাংবাদিকের অফিসে হামলা, চাঁদা দাবি ও মোবাইল ছিনতাই; থানায় অভিযোগ
সুনামগঞ্জ পৌর শহরে এক সাংবাদিকের কার্যালয়ে ঢুকে হামলা, ভাঙচুর, চাঁদা দাবি ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এক সাবেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পৌরবিপণী এলাকার একুশে টেলিভিশনের জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়, একুশে টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক জনকণ্ঠের সাংবাদিক মো. আব্দুস সালাম বিকেলে নিজ কার্যালয়ে কাজ করছিলেন। এ সময় ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন ৩–৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে সঙ্গে নিয়ে কার্যালয়ে প্রবেশ করেন।
সাংবাদিকের অভিযোগ, ইসলাম উদ্দিন তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের জেরে আর্থিক ক্ষতির দাবি তুলে পাঁচ লাখ টাকা চাঁদা চান এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেন। একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হলে সঙ্গে থাকা ব্যক্তিরা অফিসের আসবাবপত্র ভাঙচুর শুরু করেন।
অভিযোগ অনুযায়ী, পরিস্থিতি উত্তপ্ত হলে ইসলাম উদ্দিন একটি ক্যামেরার ট্রাইপড দিয়ে সাংবাদিককে আঘাত করেন। এতে তার হাতে আঘাত লাগে। এ সময় ধারালো অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানো হয় এবং টেবিলে থাকা একটি স্যামসাং জেড ফোল্ড ফোর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন।
পরে আহত অবস্থায় আব্দুস সালাম সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় তিনি সুনামগঞ্জ সদর মডেল থানায় ইসলাম উদ্দিনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে অভিযোগ রয়েছে, ঘটনার পর ইসলাম উদ্দিন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে উল্টো তার ওপর হামলার দাবি করেন এবং সাংবাদিকের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।