সুনামগঞ্জে সাংবাদিকের কার্যালয়ে হামলা, ৫ লাখ টাকা চাঁদা দাবি ও ভাঙচুর
সুনামগঞ্জ জেলা শহরের পৌর বিপনী মার্কেটের দ্বিতীয় তলায় একুশে টেলিভিশন ও দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুস সালামের কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দেয়।
শুক্রবার বিকেলে শহরের ব্যস্ততম বিপনী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগে জানা যায়, ছাতক উপজেলার শক্তিয়ারগাঁও গ্রামের ইসলাম উদ্দিনের নেতৃত্বে একদল ব্যক্তি কার্যালয়ে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। তারা অফিসে ঢুকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে ভয়াবহ পরিণতির হুমকি দেয়।
ভুক্তভোগী সাংবাদিক আব্দুস সালাম জানান, সম্প্রতি তার প্রকাশিত একটি সংবাদে ক্ষুব্ধ হয়ে ইসলাম উদ্দিন এ হামলা চালায়। ওই সংবাদের জেরে তার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করে চাঁদা দাবি করা হয়। হামলাকারীরা অফিসের আসবাবপত্র ভাঙচুর করে এবং উপস্থিতদের ভয়ভীতি প্রদর্শন করে। এক পর্যায়ে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
ঘটনার পর স্থানীয় সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।