মাগুরায় পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল উদ্ধার
মাগুরা সদর থানা পুলিশ ও র্যাবের (RAB) এক যৌথ অভিযানে দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। অদ্য ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ০১:৪৫ ঘটিকায় সদর থানাধীন রাউতাড়া গ্রাম থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর থানা পুলিশ ও র্যাবের একটি চৌকস দল রাউতাড়া গ্রামস্থ মৃত প্রদ্যুত কুমারের পরিত্যক্ত বাড়িতে অভিযান পরিচালনা করে। উল্লেখ্য যে, বাড়ির মালিক প্রায় ৫০ বছর আগে মারা যাওয়ায় বাড়িটি দীর্ঘকাল ধরে পরিত্যক্ত এবং ঝোপজঙ্গলে আবৃত ছিল। তল্লাশিকালে উক্ত জঙ্গলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ০২টি পিস্তল উদ্ধার করা হয়। এর মধ্যে একটি পিস্তলের সাথে ম্যাগাজিন সংযুক্ত ছিল এবং অপরটি ম্যাগাজিন বিহীন।
অভিযান পরিচালনাকারী অফিসার এসআই মোঃ হাফিজুর রহমান পিস্তল দুটি জব্দ করেন। অভিযানে কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব না হলেও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় একটি মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে।