গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, ছেলে আহত।
সোমবার ২ফেব্রুয়ারি ২০২৬
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নাহিদা বেগম ওরফে সাহিদা বেগম নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় তার ছেলে মারাত্মক আহত হন।
রবিবার রাত ৯টায় টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোহাম্মদ সারোয়ার হোসেন জানান, পাটগাতি মধ্যপাড়া গ্রামে জমিজমা নিয়ে মোঃ মহিবুল্লার সাথে একই গ্রামের কাদের মিয়া ও তার ছেলে আব্দুল আলীর সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ২দিন আগে মহিবুল্লাহ টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
তবে সংবাদ সম্মেলন করে বিচার চাওয়াই যেন কাল হয়ে দাঁড়ালো তাদের জীবনে। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল কাদের ওস্তা ও তার ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে মহিবুল্লাহর বাড়িতে অতর্কিত হামলা চালায়। মা ও ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় হামলাকারীরা।
মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আবস্থার অবনতি হলে পরে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাহিদা (ওরফে সাহিদা) বেগমকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ছেলে মহিবুল্লাহ।
এই ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল কাদের ও তার ছেলেরা এলাকা ছেড়ে পালিয়েছে। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।