দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ে নিরাপদ খাদ্য বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ফেনীর দাগনভূঞা উপজেলায় নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি, ২০২৬) ১১:৩০ সময় দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এই সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ফেনী জেলা নিরাপদ খাদ্য অফিসার শামছুল আরেফিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে বাড়িতে তৈরি পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে অভিভাবকদের সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে”। তিনি আরও বলেন, প্যাকেটজাত খাবার কেনার সময় উৎপাদন ও মেয়াদের তারিখ যাচাই করা এবং খাবার রান্নার ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন-এর সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে জসিম উদ্দিন বলেন, শিক্ষার্থীদের মেধাবী করে গড়ে তুলতে হলে তাদের টিফিনে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে হবে।
সমাবেশে উপস্থিত অভিভাবকদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। উপস্থিত অভিভাবকগণ এ ধরনের সচেতনতামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার শপথ নেন।