ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজের আহবান-বিএনপি নেতা সেলিমুজ্জামান
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
শনিবার (১নভেম্বর) রাত ৮টায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রামে গ্রামে,পাড়া–মহল্লায়,প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের মূল লক্ষ্য আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা।
তিনি আরও বলেন,বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে কাশিয়ানী ও মুকসুদপুরের বৈধ ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক ও পর্যটন সম্ভাবনা ধ্বংস করা হয়েছে। বর্তমানে এ দুই উপজেলার মানুষ ইতিহাসের অন্যতম ভয়াবহ ও দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি। এই অন্ধকার পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র পথ হলো জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ বিজয়। সেলিমুজ্জামান সেলিম বলেন, আমাদের লক্ষ্য শুধু বিজয় নয়, বরং মুকসুদপুর- কাশিয়ানী আসনকে একটি শক্তিশালী সংসদীয় আসনে পরিণত করা। এজন্য দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান,সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু,সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির সহ- সভাপতি মহাসিন সরদার,সাংগঠনিক সম্পাদক মো: সাহিদুল ইসলাম সাহিদ, মহিলা দলের নেত্রী মুক্তা খানম সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শেষে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন নেতাকর্মীরা।