মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, বাবা-মায়ের অবস্থা গুরুতর, কেড়ে নিলো ১৩ বছর বয়সী ইফার প্রাণ।
যশোর-সাতক্ষীরা মহাসড়কে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় চুরমার হয়ে গেল একটি সুখী পরিবারের স্বপ্ন। কাভার্ড ভ্যানের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছে ১৩ বছর বয়সী কিশোরী ইফা। এ ঘটনায় তার বাবা ফরহাদ হোসেন (৩৭) এবং মা স্বপ্নীল (৩৫) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২১শে আগস্ট) রাতে মণিরামপুর উপজেলার খৈইতলা নামক স্থানে।
জানা যায়, নড়াইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা এলাকার বাসিন্দা ফরহাদ হোসেন তার স্ত্রী স্বপ্নীল ও একমাত্র কন্যা ইফাকে নিয়ে প্রাইভেটকারে করে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। বৃহস্পতিবার অফিস শেষে পরিবারের সাথে ছুটি কাটাতে বের হয়েছিলেন তারা। আনন্দময় এই ভ্রমণ মুহূর্তেই পরিণত হয় বিষাদে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, আনুমানিক রাত ১০টা ৪৫ মিনিটের দিকে কেশবপুরগামী তাদের লাল রঙের প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ ২১-৭০৯১) খৈইতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা দ্রুতগামী কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে, প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।
খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মারাত্মক আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর ইফাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, মাথায় গুরুতর আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে ইফার মৃত্যু হয়েছে। তার বাবা-মায়ের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। হাসপাতালে নিহত মেয়ের নিথর দেহ বুকে জড়িয়ে মায়ের আহাজারিতে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকারটি হেফাজতে নিয়েছে। তবে দুর্ঘটনার পর ঘাতক কাভার্ড ভ্যানের চালক দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘাতক কাভার্ড ভ্যান ও তার চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানিয়েছেন, প্রাইভেটকার ও কাভার্ড ভ্যান উভয়েরই বেপরোয়া গতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। একটি পরিবারের এমন দুর্ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com